
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের প্রস্তাবিত গাজা দখল ও ফিলিস্তিনি বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পরিকল্পনার প্রতি ‘প্রতিশ্রুতিবদ্ধ’ ইসরায়েল। স্থানীয় সময় সোমবার (১৭ জানুয়ারি) এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ভিন্ন গাজা’ গঠনের পরিকল্পনায় প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েল।”
এমন এক সময় নেতানিয়াহু এই মন্তব্য করলেন, যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবে অবস্থান করছেন। সেখানে তিনি ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরব রাষ্ট্রগুলোর সমর্থন লাভের চেষ্টা চালাবেন। কারণ ইতোমধ্যে গাজার বাসিন্দাদের উচ্ছেদের পরিকল্পনায় মধ্যে প্রাচ্যে উত্তেজনা তৈরি করেছে।
আরব দেশগুলো ট্রাম্পের প্রস্তাবের কড়া বিরোধিতা করেছে। ফলে রুবিওর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি সোমবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রিয়াদে সাক্ষাৎ করেন। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের প্রথম সফর শেষ হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র আলোচনার বিবরণে জানান, পররাষ্ট্রমন্ত্রী ও ক্রাউন প্রিন্স গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং হামাসের হাতে আটক সব বন্দিকে মুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। যার মধ্যে আমেরিকান নাগরিকরাও রয়েছে। তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী এমন একটি ব্যবস্থা গঠনের গুরুত্ব তুলে ধরেন, যা গাজা ও আঞ্চলিক নিরাপত্তায় অবদান রাখবে।’
