নতুন মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পাওয়া নাসিমুল গনি জানিয়েছেন, তার দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব পড়েছে। এ দায়িত্বের ভার বহনের চেষ্টা করবেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে দুপুর সোয়া ১টায় তিনি নতুন পদে যোগ দিতে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনে আসেন।
এসময় প্রতিক্রিয়া জানতে চাইলে নাসিমুল গনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করবো ইনশাল্লাহ, আমার সাধ্যমতো। অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করবো।’ নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের একদিন আগে তিনি জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তার পদে দায়িত্ব পেলেন।
সুষ্ঠু নির্বাচন করার কারণে কি আপনাকে উপহার হিসেবে এই পদ দেওয়া হলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মন্তব্য নেই।’ এই সময়ে দায়িত্ব নেওয়াটাকে চ্যালেঞ্জ মনে করছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘মানুষের জন্য সব দায়িত্বই চ্যালেঞ্জ।’
নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে নাসিমুল গনি বলেন, ‘আমি এখনো যোগদান করতে পারিনি। সকালে (মঙ্গলবার) দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার, সেটার জন্য শপথ নেবেন। বিকেলে মন্ত্রিসভার শপথ হবে। সেটার ব্যবস্থা করার জন্য এই মুহূর্তে উঠেপড়ে লেগেছি ক্যাবিনেট ডিভিশন। আমরা ইনশাল্লাহ যখনই আরও বিস্তারিত আসে আপনাদের জানাবো।’
