মিয়ানমারে জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোটে পার্লামেন্টের নিম্নকক্ষের ১০২ আসনের মধ্যে ৮৯টিতে জয় পেয়েছে সেনা সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। গত সোমবার (৫ জানুয়ারি) পর্যন্ত প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে। খবর এএফপির।
২০২১ সালে শান্তিতে নোবেলজয়ী গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। প্রায় পাঁচ বছর পর সামরিক জান্তার অধীনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
দেশের একটি বড় অংশের নিয়ন্ত্রণ সরকারের হাতে না থাকা সত্ত্বেও নির্বাচন আয়োজন করেছে সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর সরকার। এই নির্বাচনকে ‘গণতন্ত্রের পথে’ ফিরে আসার উদ্যোগ হিসেবে দেখাতে চাইছে সামরিক জান্তা।
কয়েকটি ধাপে এই নির্বাচন সম্পন্ন হবে। গত ২৮ ডিসেম্বর প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হয়। এএফপির প্রতিবেদন মতে, গত শুক্রবার (২ জানুয়ারি) ভোটের ফলাফল প্রকাশ শুরু হয়। সোমবার (৫ জানুয়ারি) প্রথম ধাপের ভোটের পুরো ফলাফল সামনে আসে।
এতে ১০২ আসনের ৮৯টিই জিতে নিয়েছে সেনা সমর্থিত দল ইউএসডিপি। যা শতকরা হিসেবে প্রায় ৮৭ শতাংশ। বাকি আসনগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রতিনিধিত্বকারী কয়েকটি দল পেয়েছে। বিশ্লেষক ও গণতন্ত্র নিরীক্ষকরা ইউএসডিপিকে সামরিক বাহিনীর আজ্ঞাবহ দল হিসেবে বিবেচনা করেন। দলটির জ্যেষ্ঠ পদে অসংখ্য সাবেক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আছেন।
Please follow and like us:
