ইরানে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ দমন করতে গিয়ে নিরাপত্তা বাহিনী যে মাত্রার সহিংসতা চালিয়েছে, তা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি ভয়াবহ হতে পারে—এমন আশঙ্কা বাড়ছে। ইরানের ভেতর ও বাইরে থাকা একাধিক সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে, এই অভিযানে এখন পর্যন্ত অন্তত ১২ হাজার মানুষ নিহত হয়েছে এবং সংখ্যা ২০ হাজার পর্যন্ত হতে পারে বলে তারা মনে করছে।
দেশজুড়ে ইন্টারনেট ও ফোন যোগাযোগ প্রায় পুরোপুরি বন্ধ থাকায় প্রকৃত পরিস্থিতি জানা খুব কঠিন। তবে সম্প্রতি কিছু ফোন লাইন আংশিকভাবে চালু হওয়ার পর ভেতর থেকে যে তথ্য আসছে, তাতে পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট হচ্ছে।
সরকারি বক্তব্য ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া-
ইরান সরকার এখনো নিহতের কোনো পূর্ণাঙ্গ সরকারি হিসাব দেয়নি। রয়টার্সের খবরে বলা হয়েছে, এক ইরানি কর্মকর্তা দাবি করেছেন নিহতের সংখ্যা প্রায় ২ হাজার এবং তিনি এই সহিংসতার জন্য ‘বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের’ দায়ী করেছেন।
অন্যদিকে, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার পার্লামেন্টে বলেন, যুক্তরাজ্য সরকারের ধারণা নিহতের সংখ্যা অন্তত ২ হাজার হতে পারে, তবে বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশনসহ বিরোধী গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলো বলছে, মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ১০ থেকে ১২ হাজারের নিচে হওয়ার সম্ভাবনা খুবই কম।
Please follow and like us:
