আগামীতে যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীন–বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি স্বাস্থ্য, অবকাঠামো ও ডিজিটাল খাতে দুই দেশের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন এবং চীন সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চীনের ‘শীর্ষস্থানীয়’ শিক্ষাবিদ, বিনিয়োগকারী এবং বায়োমেডিক্যাল, অবকাঠামো, ডিজিটাল ও আইন খাতের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা তাদের বলেন, “আর কয়েক সপ্তাহের মধ্যে আমি এই দায়িত্ব ছেড়ে দেব এবং নতুন সরকার গঠিত হবে। তবে আমাদের দুই দেশের মধ্যে কাজ চলমান থাকতে হবে।”
ক্ষুদ্রঋণ কার্যক্রমের মধ্য দিয়ে চীনের সঙ্গে যে দীর্ঘদিনের সম্পর্কের সূচনা হয়েছিল, সে কথা বৈঠকে স্মরণ করেন নোবেলজয়ী ইউনূস। তিনি বলেন, “আমি চীনের প্রত্যন্ত গ্রামে গিয়ে দেখেছি কীভাবে মানুষের জীবন বদলে যাচ্ছে। পরে চীনা সরকারও এই নীতিমালা থেকে অনুপ্রাণিত হয়ে নিজস্ব কর্মসূচি গ্রহণ করেছে।”
