ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর আট দিন বাকি থাকলেও দেশের নির্বাচনী পরিবেশ যথেষ্ট এবং তুলনামূলকভাবে ভালো রয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশনের মূল্যায়নে বর্তমান পরিবেশ সন্তোষজনক এবং তুলনামূলকভাবে ভালো।
তিনি সব রাজনৈতিক দল, প্রার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সবাইকে নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করতে হবে এবং কমিশনের নেওয়া সিদ্ধান্ত ও পদক্ষেপ মেনে চলতে হবে।
এদিকে, ঢাকা-১৭ আসনে এক প্রার্থীর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, এটি তদন্তসাপেক্ষ বিষয়। কেউ ক্ষুব্ধ হলে ইলেক্টোরাল ইনকোয়ারি ও এডজুডিকেশন কমিটির কাছে অভিযোগ করতে পারেন। প্রমাণের ভিত্তিতে কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।
এদিকে, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুর পর ওই আসনের নির্বাচন বাতিলের বিষয়ে ইসি মাছউদ জানান, আগামী ১২ ফেব্রুয়ারির আগে সেখানে নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই। কারণ নতুন করে তফসিল ঘোষণা করতে কমপক্ষে ১৫ দিনের সময় প্রয়োজন, পাশাপাশি আপিল ও স্ক্রুটিনের সময়ও রয়েছে। ফলে কবে ওই আসনের নির্বাচন হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
