যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না বলে মন্তব্য করেছেন পোপ চতুর্দশ লিও। রোববার (২৯ মার্চ) পাম সানডে ধর্মোপদেশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পোপ স্পষ্ট করে বলেন, ‘সৃষ্টিকর্তা যুদ্ধের বিরুদ্ধে। তিনি যুদ্ধবাজদের প্রার্থনা কবুল করেন না।’
এ সময় তিনি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে আক্রান্ত খ্রিষ্ট ধর্মাবলম্বীদের স্মরণ করেন এবং বলেন, তারা তাদের ধর্মীয় আচার পুরোদমে পালন করতে পারছেন না।
তিনি বলেন, ‘আমাদের ঈশ্বর যিশু। তিনি শান্তির রাজা। তিনি যুদ্ধকে প্রত্যাখ্যান করেন। কেউ যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার জন্য যিশুকে ব্যবহার করতে পারে না।’ তিনি বলেন, ‘(যিশু) যুদ্ধবাজদের প্রার্থনা শোনেন না, বরং তা প্রত্যাখ্যান করেন।’
তিনি বাইবেলের একটি অংশ উদ্ধৃত করে বলেন, ‘তোমরা যতই প্রার্থনা কর না কেন, আমি শুনব না- কারণ তোমাদের হাত রক্তে ভরা।’
