বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, তবে পুরোপুরি সরবরাহ ঘাটতির কারণে সংকট নয়, বরং কিছুটা কৃত্রিমভাবে তৈরি করা। তিনি অভিযোগ করেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তেল মজুত করে কালোবাজারিতে বিক্রি করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত পুনর্বাসন ও উন্নয়ন সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ইরান-আমেরিকা সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। কিন্তু কিছু মানুষ অনৈতিকভাবে ব্যবসা শুরু করেছে। তারা তেল নিয়ে কালোবাজারিতে বিক্রি করে দেয়। তেল বিক্রি করে কেউ যাতে ফায়দা না লুটতে পারে, তা নজরদারি করতে হবে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি বলেছি।
এলজিআরডি মন্ত্রী আরও বলেন, আপনারা কখনো বিচলিত হবেন না। অন্যায়কে প্রশয় দেবেন না। যারা মিথ্যা কথা বলে, মিথ্যা প্রচারণা চালায় তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’
