
পাকিস্তানের বিপক্ষে আজ চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচটি যখন খেলতে নামেন, তাঁর নামের পাশে ১৩ হাজার ৯৮৫ রান। এই ম্যাচে ১৫ রান করতেই ওয়ানডেতে ১৪ হাজার রান করা দ্রুততম ব্যাটসম্যান হয়ে গেছেন কোহলি।
রান খরা যাচ্ছিল বিরাট কোহলির। ইংল্যান্ড সিরিজে ফিফটি দিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। এবার পাকিস্তানকে সামনে পেয়েই গর্জে উঠলেন ভারতের কিংবদন্তি ব্যাটার। দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। পাকিস্তানকে হারিয়েছেন ৬ উইকেটে। দলও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দিয়েছে এক পা।
কোহলি ১১১ বলে হার না মানা ১০০ রানের ইনিংস খেলার পথে ওয়ানডে ফরম্যাটে ১৪ হাজার রানের কীর্তি গড়েন। ওয়ানডের ৫১ তম সেঞ্চুরির ইনিংস তিনি সাতটি চারের শটে খেলেন। ওয়ানডে ফরম্যাটে ৯ ইনিংস ও প্রায় ১৫ মাস পরে সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
এই ম্যাচেই একটি ভারতীয় রেকর্ড গড়েছেন কোহলি। সেটি অবশ্য ব্যাটিংয়ে নয়, ওয়ানডেতে এখন ভারতের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডটি কোহলির দখলে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে মোহাম্মদ আজহারউদ্দিনের সমান ১৫৬ ক্যাচ ছিল তাঁর।
পাকিস্তান ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ৪১ রানের জুটি পায়। ওপেনার বাবর আজম ২৩ বলে ২৬ রান করে ফেরেন। দলের রান ৪৭ হতেই রান আউটে কাটা পড়েন ইমাম উল (১০)। এরপর সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান ১০৪ রানের জুটি গড়েন। রিজওয়ান ৭৭ বলে ৪৬ রান করেন। স্কোরবোর্ডে ৬ রান যোগ হতেই ফিরে যান শাকিল। তার ব্যাট থেকে ৭৬ বলে ৬২ রান আসে। পাঁচটি চার মারেন তিনি।
তারা ফিরতেই একে একে সাজঘরে ফেরার মিশিলে নেমে অলআউট হয় পাকিস্তান। সালমান আঘা ১৯, তায়েব তাহির ৪ রান করে ফিরে যান। লোয়ারে স্পিন অলরাউন্ডার খুশদীল শাহ ৩৯ বলে দুই ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলে পাকিস্তানকে লড়াই করার পুঁজি এনে দেন।
