
আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন অধ্যাপক সি আর আবরার। আজ বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে শপথ নেন উপদেষ্টা পরিষদের এই নতুন সদস্য। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে উপদেষ্টা হিসেবে শপথ নিলেন তিনি।
প্রথমে উপদেষ্টা হিসেবে এবং পরে গোপনীয়তার শপথ নেন সি আর আবরার। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করেন।
উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, বর্তমান শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরে একই সঙ্গে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে চাইছিলেন না। পরিকল্পনা মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয়। একই সঙ্গে তাঁকে শিক্ষা মন্ত্রণালয় দেখতে হচ্ছে। সে জন্য সি আর আবরার উপদেষ্টা পরিষদে আসছেন।
