
দেশে শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখতে প্রতি ইউনিট গ্যাসের দাম ২৪ টাকা ৩৯ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছেন বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। তাঁরা বলেছেন, গ্যাসের দাম বাড়লে শিল্প ও ব্যবসায়ের মারাত্মক ক্ষতি হবে। দেশে নতুন শিল্প যেন গড়ে না ওঠে এবং বর্তমান শিল্পও যেন চলতে না পারে তার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন তাঁরা।
দেশের শীর্ষস্থানীয় ১১টি ব্যবসায়িক সংগঠনের নেতাদের পাশাপাশি ৩টি শিল্পগোষ্ঠীর উদ্যোক্তা গ্যাসের দামের বিষয়ে এভাবেই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানের কাছে মতামত দিয়েছেন।
শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আমলে নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি শুনানির আয়োজন করে বিইআরসি। এতে নতুন শিল্পকারখানার জন্য প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ থেকে বাড়িয়ে একলাফে ৭৫ টাকা ৭২ পয়সায় নির্ধারণের প্রস্তাব করা হয়। ব্যবসায়ীরা বলেন, গ্যাসের দাম বাড়ানো হলে নতুন বিনিয়োগ আসবে না, কর্মসংস্থান হবে না, রপ্তানি ব্যাহত হবে এবং দেশের অর্থনীতি ধসে যাবে।
ব্যবসায়ীরা বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব শিল্প ও ব্যবসায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। ২০২৩ সালে গ্যাসের দাম একতরফাভাবে বাড়ানোর সময় শিল্পের মালিকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অথচ শিল্পের মালিকেরা চাহিদার ৩০-৪০ শতাংশ কম গ্যাস পান। গ্যাসের কম চাপের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। যার কারণে বিতরণ কোম্পানিগুলোকে শিল্পের মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মনে করেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা আরও অভিযোগ করে বলেন, নিরবচ্ছিন্ন গ্যাস না পাওয়ার কারণে গাজীপুর, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ভালুকা ও নরসিংদী শিল্পকারখানার উৎপাদন ৩০-৪০ শতাংশ কমে গেছে। তাঁরা মনে করেন, গ্যাস বিতরণ কোম্পানিগুলোর দক্ষতা বাড়িয়ে ও অপচয় কমিয়ে, বিশেষ করে তিতাস গ্যাসের বিপুল পরিমাণ সিস্টেম লস ন্যূনতম পর্যায়ে নামিয়ে গ্যাস সরবরাহ বাড়ানো প্রয়োজন। বিদ্যুৎ উৎপাদনে বিকল্প জ্বালানি, বিশেষ করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালানো উচিত। এ ছাড়া এলএনজি আমদানিতে দ্বৈত ভ্যাট ও উৎসে কর প্রত্যাহার এবং সরবরাহ পর্যায়ে কর ও পেট্রোবাংলার বিভিন্ন চার্জ কমিয়ে গ্যাসের দাম কমানো সম্ভব।
ব্যবসায়ী নেতারা গত বৃহস্পতিবার বিসিআই কার্যালয়ে গ্যাসের মূল্যবৃদ্ধির পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। সেই বৈঠকের কথা উল্লেখ করে বিইআরসির চেয়ারম্যানের উদ্দেশে নেতারা বলেন, শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান টিকিয়ে রাখাই যেখানে সমস্যা সেখানে গ্যাসের এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রস্তাব কীভাবে সরকার অনুমোদন করল, সেটি ব্যবসায়ীদের কাছে বোধগম্য নয়। গ্যাসের বর্তমান মূল্যহার কমিয়ে ব্লেন্ডেড মূল্যের সর্বোচ্চ ২৪ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করে শিল্প ও ব্যবসা টিকিয়ে রাখা উচিত বলে মনে করেন ব্যবসায়ীরা।
