
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোর একটি হলো কখন এবং কোথায় সামরিক বাহিনী মোতায়েন করা হবে। এই ধরনের গোপন তথ্য যদি শত্রুদের হাতে পড়ে, তাহলে তা দেশের স্বার্থের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে।
ট্রাম্প প্রশাসনের জন্য সৌভাগ্যের বিষয় হলো, হোয়াইট হাউসের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ‘সিগনাল’ এ হওয়া একটি চ্যাটে ইয়েমেনে মার্কিন সামরিক হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা শত্রুপক্ষের হাতে পৌঁছায়নি।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এই গোপন তথ্য পর্যবেক্ষণ করেছেন দেশটির প্রভাবশালী সাংবাদিক জেফরি গোল্ডবার্গ। খবর বিবিসির।

স্থানীয় সময় গতকাল সোমবার (২৪ মার্চ) দ্যা আটলান্টিক পত্রিকার সম্পাদক গোল্ডবার্গ জানান, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ ভুলবশত তাকে এই চ্যাট গ্রুপে যুক্ত করেন।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, চ্যাটে অংশ নেওয়া সদস্যদের মধ্যে ছিলেন- ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।
মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) এক মুখপাত্র বিবিসিকে বলেন, “চ্যাট মেসেজগুলো সত্য বলে মনে হচ্ছে।”
