
আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নিয়েছেন।
সোমবার (৩১ শে মার্চ) সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামের দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী।
নামাজের আগে ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসীহত করে বয়ান করেন।
এরপর, বায়তুল মোকাররম মসজিদে দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামের দায়িত্ব পালন করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, এবং মুকাব্বির থাকবেন প্রধান খাদেম মো. নাসিরউল্লাহ।
এর আগে সোমবার ফজর নামাজের পর থেকেই ঈদুল ফিতরের প্রথম জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রান মুসল্লিরা দলে দলে বায়তুল মোকাররমে আসতে থাকেন।
ঈদ জামাতকে ঘিরে বায়তুল মোকাররমে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশ গেটগুলোতে বসানো হয়েছে আর্চওয়ে। দক্ষিণ গেটে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর দেখা গেছে। এ গেটে দুটি আর্চওয়ে দিয়ে মুসল্লিদের প্রবেশ করতে দেখা গেছে।
