
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রেক্ষিতে শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় এক জরুরী বৈঠকের আহবান করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে এক বার্তায় জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ইস্যু নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে। এতে উপদেষ্টা মন্ডলীর সদস্য, শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য যে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্বের শতাধিক দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন, এতে বাংলাদেশের পন্যের উপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ১০ এপ্রিলের পর বাংলাদেশী পন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় অতিরিক্ত ৩৭ শতাংশ শুল্ক প্রদান করতে হবে, আগে যেটা ১৫ শতাংশ ছিল। নতুন এই অতিরিক্ত সম্পূরক শুল্ক আরোপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাত বড় চ্যালেঞ্জের মুখে পরতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করে বলেছেন, আলোচনার মাধ্যমে এর সমাধানে ‘ইতিবাচক অগ্রগতি’ হবে বলে তিনি বিশ্বাস করেন।
যুক্তরাষ্ট্র বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় ৮৪০ কোটি ডলারের সমমুল্যের পন্য রপ্তানি করে, যার মধ্যে ৭৩৪ কোটি ডলার মুল্যের তৈরি পোশাক রয়েছে।
