
বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি ভারতের হৃদয়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে আয়োজিত ‘রাইজিং ইন্ডিয়া সামিট ২০২৫’-এ ভাষণ দিতে গিয়ে বুধবার তিনি বলেন, “বাংলাদেশের কল্যাণে ভারত যতটা আন্তরিক, আর কোনো দেশ ততটা নয়। বাংলাদেশের মঙ্গল কামনায় ভারতই সবার চেয়ে এগিয়ে।
সিএনএন নিউজ ১৮’র এক প্রতিবেদনে জানানো হয়, এস জয়শঙ্কর বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, ভারত সবসময়ই বাংলাদেশের জনগণের পাশে আছে এবং বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য আমরা উৎসাহিত করে যাব।
দিল্লিতে একটি অনুষ্ঠানে মোদি- ড. ইউনুস বৈঠক নিয়ে মন্তব্য করতে গিয়ে এস জয়শঙ্কর আরো বলেন, ‘বাংলাদেশ একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরবে। ’
বিমসটেক শীর্ষ বৈঠক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জয়শঙ্কর বলেন, আমি মনে করি আমাদের পক্ষ থেকে যে মূল বার্তাটি এসেছে, তা হলো, ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই অনন্য। এটি মূলত জনগণের সাথে জনগণের সম্পর্ক। এই সম্পর্কে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে।
