
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় আহত হয়েছেন তিনি। আজ রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
হামলার প্রতিবাদে চৌরাস্তা এলাকায় রাত ৮টার দিকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপির নেতাকর্মীরা।
দুর্বৃত্তদের হামলায় হাসনাতের গাড়ির গ্লাস ভেঙে কনুইয়ের কয়েক জায়গায় কেটে গিয়ে আহত হন তিনি। এরপর দ্রুত হাসনাতের গাড়িবহর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে গিয়ে আশ্রয় নেয়। পরে সেখান থেকে ঢাকায় চলে যান তাঁরা।
সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ।
হান্নান মাসউদ তাঁর পোস্টে লিখেন, ‘গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।’
একই তথ্য জানান এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমও নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে। তিনি লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।’
