
ব্রাজিল জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ কে হবেন এই সিদ্ধান্ত আগামী সপ্তাহে হবে বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। গোপনীয়তার কারণে এখনই আলোচনার অগ্রগতি সম্পর্কে কথা বলা সম্ভব নয় বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সিবিএফ-এর পরিচালক রদ্রিগো কায়তানো।
তিনি বলেন, ‘সিবিএফে আমি, হুয়ান (নির্বাহী কর্মকর্তা) ও সভাপতি নিয়মিত (এডনাল্ডো রদ্রিগুয়েজ) নিজেদের মধ্যে বৈঠক করছি। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব পরবর্তী কোচের নাম চূড়ান্ত করতে। আলোচনা ও গোপনীয়তার কারণে এখনই এ বিষয়ে বিস্তারিত কথা বলা যাচ্ছে না। আমরা জানি, ব্রাজিলের কোচ নিয়োগ জাতীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগামী সপ্তাহের দিকে আমরা সিদ্ধান্তে আসতে পারবো বলে মনে করছি।’
ব্রাজিলের পরবর্তী কোচ হতে পারেন কার্লো আনচেলত্তি। তিনি বর্তমানে রিয়াল মাদ্রিদের দায়িত্বে আছেন। সংবাদ মাধ্যমের মতে, ২৫ মে রিয়ালের লিগ মৌসুম শেষ হবে। এরপরই ব্রাজিলের ডাগ আউটে আসবেন ডন কার্লো। এমনকি মৌসুম শেষ হওয়ার এক সপ্তাহ আগেও তিনি সেলেসাওদের সঙ্গে চুক্তি করে ফেলতে পারেন।
