
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর, পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। ভূপাতিত এসব যুদ্ধবিমানের মধ্যে ৩টিই ভারতীয় বিমান বাহিনীর রাফাল ফাইটার জেট, একটি মিগ এবং একটি সু-৩০ যুদ্ধ বিমান রয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, ভারত তাদের আকাশসীমার ভেতর থেকে হামলা চালিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন শহরে বিমান হামলা চালায়।
পাকিস্তান সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেছেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে।
পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্রের মতে, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বর্তমানে তীব্র গুলি বিনিময় চলছে। তিনি আরও নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সমস্ত বিমান নিরাপদ রয়েছে।
এদিকে, ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের পাঁচটি বিমান, কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) ও নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে।
