
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন তিনি। আজ রোববার (১১ মে) এক বিবৃতিতে দলটির মহাসচিব এ কথা জানান।
বিএনপির মহাসচিব আরো বলেন, আমরা আনন্দিত যে, বিলম্বে হলেও গতরাতে (শনিবার) অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচারকার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সকল সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, সরকার আইন সংশোধন করে বিচারিক প্রক্রিয়ায় গুম, খুন, নিপীড়ন ও জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন অপশাসন চালনাকারী, ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্ত নেওয়াকে আমরা অত্যন্ত সঠিক বলে মনে করি। তবে বর্তমান সরকার যদি আমাদের দাবি মেনে আগেই এই সিদ্ধান্ত নিতো, তাহলে এদেরকে চাপের মুখে ব্যবস্থা নেয়ার মত বিব্রতকর ও অনভিপ্রেত অবস্থায় পড়তে হতো না। তিনি ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে মনে রাখবেন বলেও আশা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানের ছাত্রনেতাদের দল জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক কয়েকটি দলের দাবির মুখে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত নেয়।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি দলটিকে জুলাই আন্দোলন দমনে ‘মানবতাবিরোধী’ অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনেরও সিদ্ধান্ত নেয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ।
