
তুরস্কে ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়া- ইউক্রেন শান্তি আলোচনায় ভলোদিমির জেলেনস্কির আহ্বান সত্ত্বেও থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৪ মে) সন্ধ্যায় ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রুশ প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেডিনস্কি এই শান্তি আলোচনায় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এর আগে বলেছিলেন, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন রাজি হলে তিনি নিজে আলোচনায় অংশ নিয়ে তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। তিনি ব্যক্তিগতভাবে এই সাক্ষাৎ নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানিয়েছিলেন।
বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আলোচনায় থাকবেন না। যদিও এর আগে পুতিন যোগ দিলে উপস্থিত থাকার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। পুতিন উপস্থিত থাকার শর্তে ইস্তানবুলে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেয়ার কথা বলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই এই বৈঠকে থাকার ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষমেশ তিনিও এই বৈঠকে থাকছেন না বলে একটি সুত্র নিশ্চিত করেছে।
