
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, দ্বিতীয় আরেকজন জনাব মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা, তাঁকেও পদত্যাগ করতে হবে।’
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ বুধবার দুপুর থেকে রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সন্ধ্যার পর সেখানে এসে সাংবাদিকদের এ কথা বলেন ইশরাক হোসেন।
ইশরাক হোসেন বলেন, ‘আজ যে আন্দোলনটি হচ্ছে, সেটি আমার প্রতি যে বৈষম্য করা হয়েছে, আদালতের রায়ের মাধ্যমে এত দিনে শপথ নিয়ে বসার কথা—সেটা দিচ্ছে না। কিন্তু আমি আবারও বলতে চাই, আজকের এই আন্দোলন ক্ষমতা বা পদের জন্য নয়, আজকের এই লড়াই নির্ধারণ করে দেবে যে এ বছর ডিসেম্বরে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন পাব কি না; যেখানে জনগণের সুষ্ঠু ভোটদানের মাধ্যমে সঠিক গণনা ও ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।’
উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের হস্তক্ষেপের কারণে শপথ নিতে পারছেন না বলে অভিযোগ করেন ইশরাক হোসেন। তিনি বলেন, ‘আদালতের রায় অনুযায়ী আমাকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর কথা ছিল।’
সরকারের মধ্যে নতুন দলের কয়েকজন রয়ে গেছেন অভিযোগ করে ইশরাক হোসেন বলেন, ‘এই দলের প্রতি আমাদের অনেক আশাবাদ ছিল। তাদের দুজন উপদেষ্টা এই সরকারে থেকে অনেক কিছুতে হস্তক্ষেপ করছে।’
