
জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত কালপ্রিটদের বিচারের মুখোমুখি করার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
গতকাল শনিবার (২৪ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এ সময় জুলাই বিপ্লবের অন্যতম নায়ক কোটার যৌক্তিক সংস্কার আন্দোলন থেকে শুরু করে আওয়ামী শাসনের পতন পর্যন্ত সময়কার ঘটনা প্রবাহ স্মরণ করেন সারজিস আলম।
ফেসবুক পোস্ট তিনি লিখেছেন, ৬ জুন ২০২৪ : কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে প্রথম শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম। ৩ আগস্ট ২০২৪: এই শহীদ মিনার থেকেই নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দেন। ৫ আগস্ট ২০২৪: দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সারা দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে রাজপথে নামে। এরপর খুনি হাসিনা ও আওয়ামী লীগের পতন ঘটে, কিন্তু সেই পতনের আগেই তারা হাজারো মানুষের জীবন কেড়ে নেয়। লক্ষাধিক মানুষ আহত হয়- কারো হাত হারায়, কারো চোখ, কারো জীবন।
সারজিস আরও লিখেন, ২৪ মে ২০২৫ : খুনি হাসিনার নির্দেশে বুলেটবিদ্ধ হয়ে শহীদ ভাই হাসানের জানাজা হয় এই শহীদ মিনারে। শহীদ মিনার, শহীদের কফিন আর ছাত্র জনতা একাকার হয়ে যায়।

