
সচিবালয়ের নিরাপত্তায় আজ সকাল থেকেই সোয়াট এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল থেকেই সচিবালয়ের সামনে সোয়াট, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা অবস্থান নিয়েছেন। কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কারো প্রবেশের অনুমতি মিলছে না।
সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
আজ সকালে সরেজমিনে দেখা যায়, সচিবালয়ের গেটের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন। কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
এদিকে দাবি আদায়ে গতকাল টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আজ আবার বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এখন থেকে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সবগুলো সংগঠন মিলে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ নামে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
