
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, জলাশয়ের প্রকৃত মালিকদের অধিকার নিশ্চিত করতে সরকার “জল যার জলা তার” নীতি দ্রুত বাস্তবায়নে কাজ করছে। হালদার সম্প্রদায়ের দাবি মেনে বাঁওড় ইজারা পদ্ধতি বাতিলের ইঙ্গিতও দিয়েছেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “জল যার জলা তার”—এই নীতি বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। তিনি জানান, অচিরেই এই নীতির বাস্তবায়ন শুরু হবে এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মৎস্যজীবী হালদার সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “তরুণরা যেমন ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, তেমনি সকল বৈষম্যের অবসানও তারাই ঘটাবে। বাওড়ের প্রকৃত মালিকানা প্রকৃত মৎস্যজীবীদের ফিরিয়ে দিয়ে তাদের জীবনে স্থায়িত্ব আনতে আমরা কাজ করছি।”
এ সময় হালদার সম্প্রদায়ের প্রতিনিধিরা ইজারা ভিত্তিক ব্যবস্থাপনার পরিবর্তে তাদের মাঝে বাঁওড় ফিরিয়ে দেওয়ার দাবি জানান। তারা বলেন, ইজারা পদ্ধতির কারণে প্রকৃত মৎস্যজীবীরা বারবার বঞ্চিত হচ্ছেন এবং দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করছেন।
