
ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। লন্ডনগামী বিমানটিতে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন। এটি ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনাগুলোর মধ্যে একটি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনা থেকে কোন আরোহীর কেউই বেঁচে নেই।
উড়োজাহাজটি উড্ডয়নের পরপরই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে মেঘানি এলাকার এক মেডিকেল কলেজের ডাক্তারদের হোস্টেলে আছড়ে পরলে পাঁচ শিক্ষার্থী নিহত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, হোস্টেলটির একটি ডাইনিং হলের দেয়াল ভেদ করে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে, কিছু প্লেটে এখনও খাবার দেখা যাচ্ছে।
উল্লেখ্য যে, উড়োজাহাজটি আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বৃহস্পতিবার বেলা ১টা ৩৯ মিনিটে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজে মোট ২৪২ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে দুজন পাইলট ও ১০ জন কেবিন ক্রু। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডীয় নাগরিক এবং সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন।
এদিকে আহমেদাবাদের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পুলিশ, দমকল কর্মী এবং অন্যান্য সংস্থার কর্মীরা অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।
আহমেদাবাদের পুলিশ প্রধান আরোজানিয়েছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিমানের যাত্রীদের মধ্যে কেউই বেঁচে নেই।
সুত্রঃ বার্তা সংস্থা এএফপি ও এপি।
