
ইসরাইলের বিমান হামলায় ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। এছাড়া এ হামলায় আরও দুই পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসনিম এবং তেহরান টাইমস এ তথ্য নিশ্চিত করেছে। এ হামলায় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
এক প্রতিবেদনে জানা গেছে, হামলার সময় মেজর জেনারেল হোসেইন সালামি আইআরজিসির হেডকোয়ার্টার্সে অবস্থান করছিলেন। একই হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরির মৃত্যুর গুঞ্জন উঠলেও তা উড়িয়ে দিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরনা।
এদিকে ইসরাইল জানিয়েছে, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরাইলের হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, রাজধানী তেহরানের একটি আবাসিক ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সংবাদ সংস্থাটি বলেছে, ‘তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে হামলায় নারী ও শিশুসহ কয়েকজন শহীদ হয়েছেন। ’
