
বহুল আলোচিত জুলাই সনদ তৈরির প্রক্রিয়া যেন পুরোপুরি স্বচ্ছ ও দৃশ্যমান হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কমিশনের এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠকে কমিশনের চলমান কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেন সদস্যরা।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। এ ছাড়া প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।
প্রফেসর ইউনূস বলেন, ‘জুলাই সনদ একটি ঐতিহাসিক দলিল হবে। এটি গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই প্রক্রিয়াটি যেন জনগণের কাছে বিশ্বাসযোগ্য হয়, সেটি নিশ্চিত করতে হবে।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘ঐকমত্য কমিশনের প্রতিটি বৈঠক সরাসরি সম্প্রচার হচ্ছে, এতে জনগণ পুরো বিষয়টি ঘনিষ্ঠভাবে অনুসরণ করতে পারছে, যা ইতিবাচক সাড়া ফেলেছে দেশ-বিদেশে।’
সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, দ্বিতীয় পর্বের সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আটটি বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে। বাকি সাতটি বিষয়ে আলোচনার অগ্রগতি অব্যাহত রয়েছে।
