
সাম্প্রতিক ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি নির্দিষ্ট করে বলেননি কোন দেশ কতটি বিমান হারিয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘বাস্তবে (যুদ্ধ) বিমান ভূপাতিত করা হয়েছে। পাঁচটা, পাঁচটা, চারটা বা পাঁচটা—তবে আমার মনে হয় পাঁচটা বিমান ভূপাতিত হয়েছিল।’
পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, তারা ভারতের ৫টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। অন্যদিকে, ভারতের সর্বোচ্চ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের প্রথম দিন কিছু বিমান হারালেও পরবর্তীতে কৌশলগত পরিবর্তনের মাধ্যমে ভারত পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
এদিকে ভারতের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, তারা পাকিস্তানের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ইসলামাবাদ এই দাবি অস্বীকার করেছে। তারা স্বীকার করেছে, পাকিস্তানের কয়েকটি বিমানঘাঁটিতে হামলা হয়েছে।
