
কুয়ালালামপুর আন্তর্জাাতিক বিমান বন্দর কেএলআইএ একটি বিশেষ অভিযানের সময় নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থ হওয়ায় বাংলাদেশিসহ ৯৯ জন বিদেশি নাগরিককে মালয়েশিয়াতে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ।
২৫ জুলাই বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস) পরিচালিত এই অভিযানে ৪০০ জনেরও বেশি ব্যক্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। যাদের প্রবেশ করতে দেওয়া হয়নি তাদের মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারত এবং ৯ জন পাকিস্তানের। এ নিয়ে দুই দিনে মোট ২০৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া।
একেপিএস-এর মতে, সন্দেহজনক ভ্রমণের উদ্দেশ্য এবং রেকর্ডসহ অভিবাসন প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণে বিদেশিদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং ৯৯ জনকে বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুসারে তাদের জন্মস্থানে ফেরত পাঠানো হয়।
একই দিন সকাল ৯.৩০ থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত পরিচালিত এই অভিযানটি কেএলআইএ টার্মিনাল ১ মনিটরিং ইউনিটের নেতৃত্বে পরিচালিত হয়েছিল এবং সহায়তা করে ইন্টিগ্রিটি ইউনিট। এতে ব্যাকগ্রাউন্ড চেক, ভ্রমণ নথি যাচাইকরণ এবং ব্যক্তিগত সাক্ষাৎকার অন্তর্ভুক্ত ছিল।
উল্লেখ্য যে, ২৪ জুলাই একইভাবে প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়া থেকে ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।
