
গত বছরের (২০২৪ সালের) ৩১ মে পর্যন্ত সময়ের মধ্যে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের জন্য বোয়েসেলের মাধ্যমে দেশটিতে কর্মসংস্থানের অনুমোদন মিলেছে। কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে এসব কর্মীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার।
শুক্রবার (১ আগস্ট) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে এসব কর্মীকে আনার লক্ষ্যে চাহিদাপত্র সত্যায়নের জন্য সংযুক্ত চেকলিস্ট অনুযায়ী সব তথ্যাদি ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) অনলাইন পোর্টালে দাখিল করতে হবে।
মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, আগস্টের দ্বিতীয় সপ্তাহে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে হলে শুধু চুক্তি নয়, বাস্তবায়ন পর্যায়ে দুর্নীতি ও অনিয়ম নিয়ন্ত্রণে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় প্রায় ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা থাকলেও নানা অনিয়ম ও কোটা বাণিজ্যের অভিযোগে তা মাঝপথেই স্থগিত হয়ে যায়।
