
ইজরায়েলের টানা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৬২ জন ফিলিস্তিনি। নিহতদের বড় একটি অংশ মানবিক সহায়তা সংগ্রহের সময় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
শনিবার (২ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে বলে স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানায় সংবাদমাধ্যমটি। হতাহতদের মধ্যে বেশিরভাগই গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত স্থানে সহায়তা নিতে গিয়ে হামলার শিকার হন। বিতর্কিত এই সংস্থাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ সহায়তায় পরিচালিত হচ্ছে।
জিএইচএফ-এর সহায়তা কেন্দ্রে এর আগেও এমন প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। অথচ মাত্র গত সপ্তাহেই ইসরায়েল ঘোষণা দিয়েছিল, মানবিক সহায়তার প্রবাহ অব্যাহত রাখতে তারা প্রতিদিন নির্দিষ্ট কিছু এলাকায় হামলায় ‘কৌশলগত বিরতি’ দেবে।
এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, শনিবার মাত্র ৩৬টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে পেরেছে উপত্যকায়, যেখানে প্রতিদিন প্রয়োজন কমপক্ষে ৬০০টি ট্রাক।
একইদিনে খান ইউনিসে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে ইসরায়েলি হামলায় একজন কর্মী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। সংস্থাটির পক্ষ থেকে এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়, হামলায় ভবনের প্রথম তলায় আগুন ধরে যায়।
গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক হিন্দ খোদারি জানিয়েছেন, সাম্প্রতিক ত্রাণ সরবরাহ পরিস্থিতি পরিবর্তন আনতে পারেনি। বাজারে খাবার প্রায় নেই, যা সামান্য পাওয়া যায় তা সাধারণ মানুষের নাগালের বাইরে। বাধ্য হয়ে বহু মানুষ জীবন ঝুঁকিতে ফেলে খাদ্য সংগ্রহ করছেন।
সুত্রঃ আল-জাজিরা
