
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের ১২ জন সহকারী কমিশনারকে বদলি ও পদায়ন করেছে। রবিবার (১০ আগস্ট) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, এসব কর্মকর্তা জনস্বার্থে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত মোহাম্মদ আব্দুল্লাহ আল মুকিতকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটে এবং খন্দকার সোলায়মানকে রংপুরে বদলি করা হয়েছে। মিনহাজ উদ্দিন আহমেদ সৌরও ও মোহাম্মদ এরশাদ চৌধুরীকে পদায়ন করা হয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামে।
এছাড়া, মো. আব্দুল্লাহ-আল-মামুনকে রংপুরে, শেখ শাহির আহমেদকে কুমিল্লায়, মাহমুদুল আলম পলাশকে রাজশাহীতে, এহসানুল হক মাহিনকে সিলেটে এবং মো. হেদায়েতুল ইসলামকে রাজশাহীতে বদলি করা হয়েছে।
অপরদিকে, মো. মাসুদ রানা ও মো. ফয়সাল চৌধুরী স্বরূপকে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে।
এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ আবুল মনসুর সই করআ প্রজ্ঞাপনে বলা হয়— যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই পদায়ন অবিলম্বে কার্যকর হবে। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পর কর্মকর্তাদের যোগদানের কপি এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখায় পাঠাতে হবে।
