
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পৃথক দুটি অভিযানে ৯৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গত সোমবার (১৮ আগস্ট) প্রথম অভিযান চালানো হয় কাজাং এলাকার বন্দর সুঙ্গাই লং-এর একটি বিনোদন পার্কে।
প্রায় দুই সপ্তাহের নজরদারির পর দুপুর ১টা ৪০ মিনিটে শুরু হওয়া অভিযানে ১২৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ৪৬ জনের বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন ৩১ জন পুরুষ, মিয়ানমারের ৯ নারী, ইন্দোনেশিয়ার ২ পুরুষ, ৩ বাংলাদেশি পুরুষ এবং একজন থাই নারী। পরে তাদের বেরানং-এর মিলেনিয়াম ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়।
পরদিন মঙ্গলবার বালাকং-এর একটি শিল্প কারখানা ও পুচং-এর একটি সুপারমার্কেটে অভিযান চালায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সকাল ১১টা ৪৫ মিনিটে শুরু হওয়া অভিযানে ৬৪ জনকে যাচাই করা হয় এবং এর মধ্যে ৪৮ জনকে আটক করা হয়। আটকদের বয়স ১৮ থেকে ৪৯ বছরের মধ্যে। এদের বেশিরভাগই বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, ভারত ও পাকিস্তানের নাগরিক।
দাতুক জাকারিয়া জানান, অভিযানের সময় অনেকেই পালানোর চেষ্টা করলেও কর্মকর্তারা সতর্ক থেকে তাদের আটক করতে সক্ষম হয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগকারীরাও আইনের আওতায় আসবেন।
আটকদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(গ), ১৫(১)(গ) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(খ) অনুযায়ী মামলা চলছে। মহাপরিচালক বলেন, “অবৈধভাবে অবস্থান, ভিসা অপব্যবহার বা সময়সীমা অতিক্রমকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
Please follow and like us:
