ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে পশ্চিমা দেশগুলোর প্রায় ৩০ জন নেতার সঙ্গে আজ বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈঠক করেছেন। এই বৈঠকে সরাসরি এবং ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন দেশের নেতারা যুক্ত হন।
কোয়ালিশন অব উইলিং’ নামে পরিচিত এই জোটের সদস্যরাই মূলত আজকের বৈঠকে অংশ নেন। এই দেশগুলোর মধ্যে ইউরোপের বড় দেশগুলো ছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা ও জাপানের নেতারা রয়েছেন। তবে এই জোটে যুক্তরাষ্ট্রকে রাখা হয়নি।
যুদ্ধ শেষে রাশিয়া যাতে আবারও ইউক্রেনে হামলা না চালাতে পারে, সে জন্য ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে এই দেশগুলোর নেতারা দফায় দফায় বৈঠক করছেন। তবে এমন নিরাপত্তা নিশ্চয়তার জন্য তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন চাচ্ছেন। কিন্তু ট্রাম্প এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি, যার কারণে এই প্রক্রিয়াটি থমকে আছে।
এমন পরিস্থিতিতেই আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। বৈঠক শেষে ইউরোপের নেতারা ট্রাম্পকেও ফোন করেন। তবে ওই ফোনালাপে কী নিয়ে কথা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
