মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ ও জাতীয় নির্বাচনে ভোটদান বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের জি টাওয়ারে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার তার বক্তব্য শুরুতেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে বিশেষভাবে যত্নশীল এবং এবারই প্রথম প্রবাসীগণ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ লক্ষ্যে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নির্বাচন কমিশনার ভোটদানের প্রক্রিয়া ব্যাখ্যা করে বলেন, প্রবাসীদের জন্য ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অনলাইনের মাধ্যমে ভোটার নিবন্ধনের সুযোগ থাকবে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধন করতে হবে।
