অবশেষে শূন্য থাকার তিন সপ্তাহ পর দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সিনিয়র সচিব নিয়োগ দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে চুক্তিতে কর্মরত মো. এহছানুল হককে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই আদেশে বলা হয়, জনস্বার্থে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। মো. এহছানুল হককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হলে পদটি শূন্য হয়ে পড়ে। এরপর থেকে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সচিবের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।
আসন্ন জাতীয় নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম চলমান থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছিল। বিভিন্ন মহলে চলছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে মো. এহছানুল হকের নিয়োগের মাধ্যমে সেই আলোচনার অবসান হলো।
