জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) “শাপলা” প্রতীক না দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি দাবি করেছেন, নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের পেছনে কোনও আইনগত ভিত্তি নেই এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত।
রবিবার (১৯ অক্টোবর) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা শাখার আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, “শাপলা প্রতীক বরাদ্দে কোনও আইনি বাধা নেই। আমরা আইনবিদদের সঙ্গে পরামর্শ করেছি। নির্বাচন কমিশন কারও মন রক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে। এমন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
তিনি আরও জানান, আগামীতে এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে। কমিশন অন্যায় করলে এনসিপি তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।জুলাই সনদে স্বাক্ষর না করা প্রসঙ্গে তিনি বলেন, “এর প্রভাব জনগণই নির্ধারণ করবে। আইনগত ভিত্তি ছাড়া শুধু একটি কাগজ দেখিয়ে জনগণকে বোঝানো যাবে না।”
তিনি আরও উল্লেখ করেন, “গণ-অভ্যুত্থানের আগে রাজনীতিতে তেমন কোনো সরব উপস্থিতি ছিল না। বড় দলগুলোর অফিসে কর্মীর সংকট ছিল। এখন পরিস্থিতি বদলেছে।”
