কাস্টমস ও আবগারি বিভাগের উপ-কমিশনার মো. শহিদুজ্জামান সরকারকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শহিদুজ্জামান সরকারের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর মতো গুরুতর অভিযোগ উঠেছে। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর ধারা ৩(খ) ও ৩(গ) অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এনবিআর সূত্র জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শহিদুজ্জামান সরকারের দায়িত্ব পালন বন্ধ থাকবে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলবে।
