
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণদণ্ডের পর বরিশালে ‘মিষ্টি বিতরণের সময়’ বচসা থেকে ছাত্রদলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।সোমবার সন্ধ্যার পর বাবুগঞ্জের আগরপুর হালিমা মান্নান হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রবিউল ইসলাম (৩০) আগরপুর গ্রামের মিজানুর রহমান হাওলাদার দুলালের ছেলে। তিনি জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি।
বাবুগঞ্জের আগরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দেলোয়ার হোসেন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করছিলেন। মিষ্টি খাওয়া নিয়ে নিজেদের মধ্যে তর্ক হয়। এর জেরে রবিউলকে ছুরিকাঘাত করা হয়।
পরে বরিশালের শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান হিমু বলেন, “মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণায় ছাত্রদলের কয়েকজন মিষ্টি বিতরণ করেন। এ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে রবিউলকে ‘কুপিয়ে’ জখম করা হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।”
রবিউলকে স্বেচ্ছাসেবক দলের এক নেতা ছুরিকাঘাত করেন বলে স্থানীয় লোকজনের ভাষ্য।
তবে জাহাঙ্গীর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ বলেন, তার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। ‘পূর্ব শত্রুতার জের ধরে’ দলের পদ-পদবি না থাকা আউয়াল, আমির খান, ফিরোজ চকিদার, এমদাদুল, শাহিন ফরাজী, শাকিলসহ ১০ জন হামলা করে। তারা ধারালো অস্ত্র দিয়ে রবিউলকে কুপিয়েছে।
