নিজের ক্যারিয়ারের শততম টেস্টে মাঠে নামছেন মুশফিকুর রহিম। দু’দশকের বর্ণাঢ্য পথচলায় অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া হবে। এই বিশেষ উপলক্ষে সকাল থেকেই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চলে বিসিবির বিশেষ আয়োজন।
সকাল ৯টা টস শেষ হওয়ার পর ৯টা ১৬ মিনিটে মাঠে প্রবেশ করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এরপর মুশফিককে বিশেষ টেস্ট ক্যাপ পরিয়ে দেন হাবিবুল বাশার। যিনি তার প্রথম টেস্টেও ক্যাপ তুলে দিয়েছিলেন।
এর পরপরই বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটার আকরাম খান মুশফিককে তুলে দেন বিশেষ টেস্ট ক্যাপের বাক্স। বিসিবি সভাপতি ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল মুশফিকের হাতে বিশেষ ক্রেস্ট তুলে দেন। সাথে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
মুশফিকের প্রথম টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার এবং আজকের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অটোগ্রাফসহ জার্সি প্রদান করা হয়। এসময় আয়ারল্যান্ড দলের সদস্য ও মাহমুদউল্লাহ রিয়াদও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।মুশফিকুর রহিম বলেন, আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য।
