১৪ বছরের কম বয়সী মেয়েদের স্কুলে হিজাব নিষিদ্ধ করার প্রস্তাব অনুমোদন দিয়েছে অস্ট্রিয়ার পার্লামেন্ট। মানবাধিকার গোষ্ঠী এবং বিশেষজ্ঞরা বলছেন, এটি বৈষম্যমূলক এবং সামাজিক বিভাজনকে আরও গভীর করতে পারে।
অস্ট্রিয়ার রক্ষণশীল নেতৃত্বাধীন সরকার এই বছরের শুরুতে এই নিষেধাজ্ঞার প্রস্তাব করেছিল। তারা যুক্তি দিয়েছিল, এটি মেয়েদের ‘নিপীড়ন থেকে’ রক্ষা করার লক্ষ্যে। ২০১৯ সালে দেশটি প্রাথমিক বিদ্যালয়ে হিজাবের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু সাংবিধানিক আদালত তা বাতিল করে দেয়।
এবার সরকার জোর দিয়ে বলছে, তাদের আইন সাংবিধানিক। যদিও বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, এটি ইসলাম ধর্মের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ এবং শিশুদের অস্বস্তিকর অবস্থানে ফেলতে পারে।
আইনটি ১৪ বছরের কম বয়সী মেয়েদের সমস্ত স্কুলে ইসলামী ঐতিহ্য অনুসারে মাথা ঢেকে রাখার ‘হিজাব’ পরতে বাধা দেয়।বৃহস্পতিবারের পার্লামেন্ট বিতর্কে শুধুমাত্র বিরোধী গ্রিন পার্টি নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভোট দিয়েছে।
সরকার জানিয়েছে, হিজাব এবং বোরকাসহ সকল ধরণের ইসলামিক ঐতিহ্যের ‘পর্দার’ ক্ষেত্রে প্রযোজ্য এই নিষেধাজ্ঞাটি আগামী বছরের সেপ্টেম্বরে নতুন স্কুল-বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ কার্যকর হবে।
