বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর ২১ মার্চ হওয়ার সম্ভবনা রয়েছে। আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করবে। তবে ঈদের দিন শনিবার (২১ মার্চ) দেশে সকাল ও সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের আভাস রয়েছে। রাজধানী ঢাকাতেও ওই দিন হতে পারে কালবৈশাখী।
আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) পুরো দেশের ওপর দিয়ে দুইবার (সকালের দিকে একবার ও সন্ধ্যার পরে আর একবার) শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঈদের দিন ঢাকা শহরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে।
তিনি জানান, ঈদের পূর্বের দিন মধ্যরাতের পরে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের ওপর সৃষ্টি হয়ে বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে প্রবেশ করে উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ময়মনসিংহ, ঢাকা, সিলেট, ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে বাংলাদেশ ত্যাগ করার আশঙ্কা করা যাচ্ছে।
