
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার নিন্দা জানিয়েছে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে ওই বিবৃতিতে বলা হয়েছে, আজ গোপালগঞ্জে যে সহিংসতা করা হয়েছে, তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
বিবৃতিতে অন্তর্বর্তী সরকার বলেছে, “তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে তাদের বৈপ্লবিক আন্দোলনের এক বছর পূর্তিতে স্মরণসভা করতে বাধা দেওয়া তাদের মৌলিক অধিকারের নির্লজ্জ লঙ্ঘন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য, পুলিশ ও গণমাধ্যম বর্বরোচিত হামলার শিকার হয়েছে। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং লোকজনকে সহিংস আক্রমণ করা হয়েছে।”
দ্রুত পদক্ষেপ নেওয়ায় সেনাবাহিনী ও পুলিশের প্রশংসা করে অন্তর্বর্তী সরকার বলেছে, “এ ধরনের ক্ষতির হুমকি সত্ত্বেও যেসব শিক্ষার্থী ও লোকজন তাঁদের সমাবেশ চালিয়ে গেছেন, তাঁদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করছি আমরা।”
