ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনায় কোনো জটিলতা নেই, বরং মামলার কার্যক্রমে গতি এসেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে দুই দিন বুধবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকার্য ভার্চুয়ালি পরিচালিত হবে। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী এবং কার্যকর, বলেও মন্তব্য করেন তিনি।
তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। তারা ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি কার্যকর নয় বলে দাবি করে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করেন আইনজীবীরা। তাদের অভিযোগ, ভার্চুয়াল কোর্ট চালু থাকলেও আদালতে উপস্থিত হতে হচ্ছে, ফলে জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্য পূরণ হচ্ছে না। তারা সতর্ক করে বলেন, দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন না হলে পতাকা মিছিলসহ কর্মসূচি ঘোষণা করা হবে।
