
এই মাসের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ চূড়ান্ত করতে চায় বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
ড. রীয়াজ বলেন, এটা আপনারাও (রাজনৈতিক দল) নিঃসন্দেহে চান। তাই আমাদের পক্ষে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে। এরই মধ্যে আমরা অনেক বিষয়ে ঐকমত্য হয়েছি। কিছু কিছু বিষয় আছে আলোচনার মধ্য দিয়ে নিষ্পত্তি করতে হবে।
রোববার (২০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৫তম দিনের আলোচনার সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। আজকের আলোচ্য সূচিতে রয়েছে- তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান।
তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য ৩১ জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া। যেটা আপনাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা, সবার প্রচেষ্টা। দেশের সবাই সেটা প্রত্যাশা করছেন।
