
বাংলাদেশের দুর্গম পাহাড়, চরের জনপদ কিংবা সীমান্তবর্তী ব্রডব্যান্ড-বঞ্চিত এলাকায় ডিজিটাল সংযোগের নতুন দিগন্ত উন্মোচিত হলো। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
এ সময় যুক্তরাষ্ট্র থেকে আগত স্টারলিংকের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।
উল্লেখ্য যে, গত বছরের ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।
সংবাদ সম্মেলনে সেই ঘটনার কথা তুলে ধরে ফয়েজ আহমদ বলেন, “ইন্টারনেট শাটডাউনের ঠিক ৩৬৫ তম দিন আজ। ইতোমধ্যে স্টারলিংকের অর্ডার নেওয়া শুরু হয়েছে। আজ তারা আনুষ্ঠানিকভাবে তাদের অভিজ্ঞতা বিনিময় করলেন। আগে সফট লঞ্চ হয়েছিল, আজ তাদের উপস্থিতিতে স্টারলিংক সেবার আনুষ্ঠানিক ঘোষণা এল।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল এমদাদ উল বারী ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমাদুর রহমান।
