জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী বলেছেন, আমাদের দেশে যত বড় নেতা, দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত, তত বেশি টাকা পাচারের রেকর্ডও তার নামে থাকে। আমাদের দেশে এখন উল্টা হয়ে গেছে, যেখানে নেতাদের আমানতদার হওয়ার কথা, সেখানে সেই গুণটি কমে গেছে।
বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে মিনার কর্তৃক আয়োজিত সীরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে নেতৃত্বের গুণাবলি নিয়ে আলোচনা করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
মিজানুর রহমান আজহারী বলেন, নেতা বলতে অন্যকে প্রভাবিত, ম্যানেজ করার ক্ষমতাকে বোঝায়। আমরা যদি অন্যকে কোনোভাবে প্রভাবিত করতে পারি, তাহলে আমরা নেতা হয়ে উঠতে পারি। আমাদের সমাজে বা রাষ্ট্রের সমস্যাগুলোর কারণ হচ্ছে অদক্ষ নেতৃত্ব। যদি যথাযোগ্য নেতৃত্ব তৈরি করতে পারতাম, তাহলে এই সমস্যাগুলো থাকত না।
ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সীরাত মাহফিলে সভাপতিত্ব করেন চবির আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের। প্রধান অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন। মাহফিলে আরো বক্তব্য দেন চবির সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, আরবি বিভাগের সভাপতি গিয়াস উদ্দীন তালুকদার, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুমতাজ উদ্দীন কাদেরী, অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হকসহ চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, মিনারের সভাপতি মোহাম্মদ আলী ও সহসভাপতি মোহাম্মদ পারভেজ।
