সাম্প্রতিক যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হলেও পরমাণু কর্মসূচি থেকে ইরান সরে আসবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফক্স নিউজে সোমবার (২১ জুলাই) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি সবসময় শান্তিপূর্ণ থাকবে, ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা খোলা আছে বলেও জানান তিনি। এদিকে শুক্রবার (২৫ জুলাই) ইস্তাম্বুলে পরমাণু ইস্যুতে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সঙ্গে নতুন করে আলোচনা হবে ইরানের। সেখানে নিজ দেশের জনগণের নিরাপত্তার জন্য তাদের কী করা দরকার তা অবশ্যই গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে জানিয়েছে ইরান।
ফক্স নিউজে সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘এটা বন্ধ আছে। কারণ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু আমরা পারমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে অবশ্যই বের হয়ে আসবো না।’ পরমাণু কর্মসূচি ইরানের জাতীয় গৌরবের বিষয় বলেও উল্লেখ করেন আরাগচি।
