পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে সোমবার আধাসামরিক বাহিনী- ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) সদর দপ্তরে বন্দুকধারী ও আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও নিরাপত্তা সূত্রে জানা গেছে, হামলায় অন্তত তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে এবং তিনজন এফসি কর্মী শহীদ হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও পাঁচজন, যার মধ্যে দুইজন এফসি কর্মীও রয়েছেন।পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড. মিয়ান সাঈদ আহমাদ জানান, তিনজন আত্মঘাতী বোমাকারী সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করেছিল। তিনি বলেন, ‘একজন হামলাকারী মূল গেটের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, আর দুইজন কমপাউন্ডের ভিতরে ঢুকে পড়ে।’
ড. সাঈদ জানান, এফসি কর্মীরা সঙ্গে সঙ্গে হামলাকারীদের মোকাবিলা করে দুইজনকে কমপাউন্ডের ভিতরে হত্যা করে। শেষ পর্যন্ত তিনজন আত্মঘাতী বোমাকারীই নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলির সময় নিহত হন।
তিনি আরও বলেন, এফসি কর্মীদের সময়মতো প্রতিক্রিয়ার কারণে হামলাকারীরা বড় ধ্বংসযজ্ঞ চালাতে পারেনি। সদর এলাকা ঘিরে রাখা হয়েছে এবং রাস্তা বন্ধ করে ট্রাফিক বিকল্প পথে পরিচালিত করা হয়েছে। নিরাপত্তা সংস্থা একটি ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে যাতে আরও কোনো হুমকি না থাকে।
