পুলিশ বাহিনীর সংস্কার ও সক্ষমতা বৃদ্ধি করতে সুইজারল্যান্ডের পক্ষ থেকে কারিগরি ও কৌশলগত সহযোগিতার আশ্বাস পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, “রাষ্ট্রদূত বর্তমান সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো সম্পর্কে মন্ত্রীর কাছে জানতে চান এবং সংসদকে কার্যকর করার ওপর গুরুত্ব আরোপ করেন।
“তিনি পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের পক্ষ থেকে কারিগরি ও কৌশলগত সহযোগিতার আশ্বাস দেন।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ‘অতিমাত্রায়’ বল প্রয়োগ করতে পুলিশকে ‘ব্যবহার করা হয়েছে’।
তিনি বলেন, “দেশের সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ আয়োজনসহ সকল গণতান্ত্রিক অধিকার রয়েছে। তবে তা সতর্কতার সাথে করতে হবে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়।”
